আমার স্বপ্নের বীজতলা একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে!
আমি ফুরিয়ে যাচ্ছি ধীরে ধীরে সময়ের নিষ্ঠুরতায়।
তবুও অন্ধকারের গভীরতম কোণে জ্বলে ওঠে
অবিনাশী আলোর শিখা, জীবনের বাস্তবতায়।
সময়ের কাঁটা ধীরে ধীরে শরীরে দাগ কেটে যায়!
মাঝে মাঝে আমিও ভেঙে পড়ি শব্দহীন কান্নায়,
যেনো ভেঙে যাই প্রচণ্ড শব্দে, ঝড়ের মতো,
স্বপ্নরাও ভাঙে প্রতিদিন হিসাবের খাতায়।
যে আশা একদিন বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলতো-
আজ তা কেবলই ক্ষীণ আলো-ক্ষীণ সময়,
এখনো জীবিত কিন্তু তেমন উজ্জ্বল নয়
সত্যি বলতে আমার জীবনটাই একটা বিস্ময়।
জীবনে আমি কখনো হার মানতে জানি না!
আমার আছে একটা জন্মগত দুঃসাহসী মন,
আমার ফুরিয়ে যাওয়া মানে নিভে যাওয়া নয়
বরং নীরবে নিজেকে পুনর্গঠন শুরুর দিনক্ষণ।
এভাবেই দিনে দিনে আমার স্বপ্নরা ক্ষয়ে যায়!
কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা কখনো নষ্ট হয় না,
আমি ফুরিয়ে যাই কিন্তু শেষ হয়ে যাই না
এ আমার সুখ বিলাসী মনের কান্না।
(তারিখ: ০৯/১২/২০২৫)