মা–বাবার অনুমতি নেয়ার গল্প সাদিয়া আয়মানের মুখে

Share

মাইক্রো-ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’ দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। একজন মাদ্রাসাপড়ুয়া মেয়ের গোপন গেমারজীবনের গল্প নিয়ে নির্মিত এই সিরিজ দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। সাদিয়ার ভাষ্য, প্রচলিত প্রেমকাহিনির বাইরে ভিন্ন ধরনের গল্প হওয়ায় এতটা জনপ্রিয়তা তিনি নিজেও আশা করেননি।

চরিত্রটির জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। বাস্তব জীবনে কখনো গেম না খেললেও গেমিং জগতের ভাষা ও পরিবেশ বুঝতে নিয়মিত স্ট্রিমিং ভিডিও দেখেছেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো শিখেছেন। পরিচালকের নির্দেশনা ও সহশিল্পীদের সহযোগিতাও তাঁকে চরিত্রটি ফুটিয়ে তুলতে সাহায্য করেছে।

সাদিয়ার মতে, এই চরিত্র শুধু একজন গেমারের গল্প নয়; বরং এমন অসংখ্য তরুণ-তরুণীর প্রতিচ্ছবি, যাঁরা প্রতিভাবান হয়েও সুযোগ বা সাহসের অভাবে নিজেদের গণ্ডির বাইরে আসতে পারেন না।

অভিনয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সাদিয়া আয়মান। দর্শক তাঁর সৌন্দর্যের প্রশংসা করলেও অভিনয়ের মূল্যায়নই তাঁকে বেশি অনুপ্রাণিত করে। তাঁর বিশ্বাস, একজন শিল্পীর আসল পরিচয় তাঁর কাজের মধ্যেই।

তবে এই অবস্থানে পৌঁছানোর পথ সহজ ছিল না। ২০১৯ সালে মিডিয়ায় কাজ শুরু করার সময় পরিবার পুরোপুরি সমর্থন দেয়নি। তখন মা–বাবাকে তিনি আশ্বস্ত করেছিলেন যে এমন কোনো কাজ করবেন না, যাতে পরিবার বিব্রত হয়; বরং একদিন তাঁরা গর্ব করতে পারবেন। সময়ের সঙ্গে সেই বিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে। এখন সাদিয়ার সাফল্যে তাঁর মা–বাবাও গর্বিত, আর মানুষের ভালোবাসা তাঁদের আনন্দ দেয়।