চলচিত্র জগতের নক্ষত্র ভারতীরাজা ইহলোক ত্যাগ করেছেন

Share

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি ও তামিল পরিচালক ভারতীরাজা আর নেই। বুধবার (১০ জুন) চেন্নাইয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুর খবরে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

ভারতীরাজাকে তামিল সিনেমার রূপান্তরকারী শক্তি হিসেবে দেখা হয়। তিনি প্রথমবারের মতো স্টুডিও-নির্ভর সিনেমার গণ্ডি ভেঙে বাস্তব গ্রামীণ পরিবেশকে বড় পর্দায় তুলে ধরেন। তার চলচ্চিত্রের শুরুতে শোনা যেত আইকনিক সংলাপ—“ইয়েঁ ইনিয়া তামিল মাক্কালে”, যা দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। এই অবদানের জন্য তাকে ‘ইয়াক্কুনার ইমায়াম’ বা ‘পরিচালকদের শিখর’ উপাধি দেওয়া হয়।

কর্মজীবনে তিনি অর্জন করেন একাধিক পুরস্কার—জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার (দক্ষিণ), তামিলনাড়ু রাজ্য পুরস্কার এবং নন্দী পুরস্কারসহ নানা সম্মাননা। তামিল চলচ্চিত্রে নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের আবিষ্কার ও প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।