‘উৎসব’-‘বনলতা এক্সপ্রেস’-এর পর নতুন গল্প নিয়ে ফিরছেন অংশু

Share

‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর পর নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা তানিম রহমান অংশু। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লিম্বো’ নামের সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির কথা জানান তিনি।

প্রকাশিত পোস্টারে দুটি হাতের উপস্থিতি দেখা যায়, যার একটি মেহেদী রাঙানো। রহস্যময় নকশা ও আবহের কারণে পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

পোস্টারের সঙ্গে দেওয়া এক বার্তায় অংশু লিখেছেন, “দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়…”। এই বার্তা ঘিরেও দর্শকদের মধ্যে নানা ব্যাখ্যা ও জল্পনা তৈরি হয়েছে।

নির্মাতা জানিয়েছেন, ২০২৭ সালে মুক্তি পাবে ‘লিম্বো’। তবে সিনেমাটির গল্প, অভিনয়শিল্পী কিংবা অন্যান্য নির্মাণসংক্রান্ত তথ্য এখনো গোপন রাখা হয়েছে।

এদিকে পোস্টার ও নাম প্রকাশের পর সামাজিক মাধ্যমে অনেকেই ধারণা করছেন, এটি হতে পারে বিজ্ঞান কল্পকাহিনি, রহস্য বা অতিপ্রাকৃত উপাদাননির্ভর একটি চলচ্চিত্র। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তানিম রহমান অংশু। ফলে ‘লিম্বো’ ঘিরে রহস্য ও কৌতূহল আরও বেড়েছে দর্শকদের মধ্যে।