বাবা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে আবেগঘন নাটক ‘বাবার ডায়েরি’। নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। তাঁর চরিত্র আনিস জীবনের না-বলা অনুভূতি, কষ্ট আর ভালোবাসার গল্প লিখে রাখেন একটি ডায়েরির পাতায়। বয়সের শেষ প্রান্তে এসে ছেলে ও পুত্রবধূর অবহেলায় মানসিকভাবে ভেঙে পড়লেও তিনি নীরবে সব সহ্য করেন।
গল্পে দেখা যায়, নিজের জীবন ও ব্যস্ততায় ডুবে থাকা ছেলে আরমান ধীরে ধীরে বাবার কাছ থেকে দূরে সরে যায়। অভিমানে আনিস একসময় বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন। পরে বাবার মৃত্যুর পর তাঁর ডায়েরি হাতে পেয়ে আরমান জানতে পারে একজন বাবার অগাধ ত্যাগ, মমতা ও নিঃস্বার্থ ভালোবাসার কথা। কিন্তু তখন অনুশোচনা ছাড়া আর কিছুই করার থাকে না।
নির্মাতা সম্রাট চৌধুরী নাটকটির মাধ্যমে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ববোধ, শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা তুলে ধরতে চেয়েছেন। আজিজুল হাকিমের পাশাপাশি এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি ও মিষ্টি ঘোষ। বাবা দিবস উপলক্ষে ২০ জুন সন্ধ্যা ৭টায় সিনেপ্লাস স্টুডিওর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। একই সঙ্গে এই নাটকের মধ্য দিয়েই প্রযোজনা প্রতিষ্ঠান সিনেপ্লাস স্টুডিওর যাত্রা শুরু হচ্ছে।