টেলিভিশন জগতের কিংবদন্তি নির্মাতা জেমস বারোজ আর নেই। ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘ফ্রেন্ডস’, ‘চিয়ার্স’ ও ‘ট্যাক্সি’র মতো জনপ্রিয় সিটকমের এই খ্যাতিমান পরিচালক।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রিয়জনদের সান্নিধ্যেই শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন তিনি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দীর্ঘ কর্মজীবনে জেমস বারোজ মার্কিন টেলিভিশনের অন্যতম প্রভাবশালী নির্মাতায় পরিণত হন।‘ফ্রেন্ডস’, ‘চিয়ার্স’, ‘ট্যাক্সি’ এবং ‘উইল অ্যান্ড গ্রেস’-এর মতো জনপ্রিয় সিরিজের সঙ্গে যুক্ত থেকে তিনি টেলিভিশন কমেডির ধারা বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ক্যারিয়ারে তিনি ১১টি এমি অ্যাওয়ার্ড ও পাঁচটি ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার অর্জন করেন। ২০১৫ সালে পান মর্যাদাপূর্ণ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে এক হাজারের বেশি টেলিভিশন পর্ব পরিচালনা করা এই নির্মাতার মৃত্যুতে শোক নেমে এসেছে বিনোদন অঙ্গনে।