ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানোয় মুখ খুললেন ববি

Share

চিত্রনায়িকাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী মির্জা আবুল বাশার এর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশকে কেন্দ্র করে। তবে বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ববি জানান, কয়েকটি গণমাধ্যম তাকে আবুল বাশারের ‘স্ত্রী’ বা ‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে, যা সত্য নয়। তার ভাষায়, ভিউ বাড়ানো ও সম্মানহানির উদ্দেশ্যেই এসব সংবাদ প্রকাশ করা হয়েছে।

এ ধরনের ‘ভুয়া’ খবর প্রকাশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। ববি বলেন, ব্যক্তিগত জীবনে বিয়ে করলে সেটি তিনি নিজেই সবার সামনে আনবেন।

উল্লেখ্য, প্রতারণার একাধিক অভিযোগে অভিযুক্ত আবুল বাশারকে গুলশান এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তার এড়াতে তিনি বাড়ির ভেতরে তৈরি একটি সুড়ঙ্গে আত্মগোপন করেছিলেন। দীর্ঘ অভিযানের পর তাকে আটক করা হয়।