ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশান–এর বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, ওই পরিচালকের সঙ্গে কাজ করতে গিয়ে যোগাযোগের ঘাটতি, প্রতিশ্রুতি ভঙ্গ এবং পারিশ্রমিক পরিশোধে অনিয়মের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

পারসার দাবি, গত সাত মাস ধরে তিনি তাঁর প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। এর মধ্যে কিছু অর্থ পরিশোধ করা হলেও এখনো পুরো পাওনা বুঝে পাননি। তবে তাঁর মতে, ব্যক্তিগত পাওনার চেয়েও উদ্বেগের বিষয় হলো শুটিং ইউনিটের অনেক সদস্যও এখনও তাদের পারিশ্রমিক পাননি।

তিনি বলেন, নিজের পাওনা না পেলেও তা মেনে নেওয়া সম্ভব, কিন্তু প্রোডাকশন বয়সহ দৈনিক আয়ের ওপর নির্ভরশীল কর্মী এবং নতুন শিল্পীদের প্রাপ্য অর্থ আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন এত মানুষের পারিশ্রমিক দীর্ঘদিন ধরে বকেয়া রাখা হয়েছে।

ফেসবুক পোস্টে বিনোদন অঙ্গনের শিল্পী ও কলাকুশলীদের আরও সতর্ক থাকার আহ্বান জানান পারসা। তাঁর পরামর্শ, কোনো কাজে যুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পর্কে খোঁজ নেওয়া, চুক্তির শর্ত ও পারিশ্রমিক লিখিতভাবে নিশ্চিত করা এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা জরুরি।

পোস্টের শেষাংশে তিনি এমন একটি বিনোদন অঙ্গনের প্রত্যাশা করেন, যেখানে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তাঁর ভাষায়, অসততা, প্রতিশ্রুতি ভঙ্গ ও অপেশাদার আচরণের কোনো স্থান এই অঙ্গনে থাকা উচিত নয়।