‘কম কাজ করেও সৌভাগ্যবান’—ক্যারিয়ার, অভিনয় ও ইন্ডাস্ট্রি নিয়ে খোলামেলা নাবিলা

Share

অভিনেত্রী ও উপস্থাপক মাসুমা রহমান নাবিলা মনে করেন, কাজের সংখ্যা কম হলেও তাঁর অভিনীত ‘আয়নাবাজি’, ‘তুফান’ এবং ‘বনলতা সেন’—তিনটি সিনেমাই দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। তাঁর বিশ্বাস, বাংলা সিনেমার আলোচনায় এই ছবিগুলোর নাম দীর্ঘদিন উচ্চারিত হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাবিলা জানান, ক্যারিয়ারে আরও কিছু সিনেমা যুক্ত হতে পারত—এমন ভাবনা একসময় কষ্ট দিলেও এখন তিনি ভাগ্যকে মেনে নিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, চলচ্চিত্র অঙ্গনে দলবাজি ও ‘ফেভারিটিজম’ রয়েছে, যার কারণে অনেক সময় যোগ্য শিল্পীরাও কাজের সুযোগ থেকে বঞ্চিত হন।

‘বনলতা সেন’ সিনেমায় একাধিক ভিন্ন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে নাবিলা বলেন, দীর্ঘ মহড়া ও চরিত্রভিত্তিক প্রস্তুতির কারণে শুটিংয়ে খুব কম ভুল হয়েছে। সিনেমাটির বিশাখা এবং বিদ্রোহী নারীর চরিত্র দুটি তাঁর সবচেয়ে প্রিয় বলেও জানান তিনি।

ব্যক্তিজীবনে সাধারণ জীবনযাপনেই স্বাচ্ছন্দ্যবোধ করেন উল্লেখ করে নাবিলা বলেন, দর্শকেরা বিশেষ করে নারী ও পারিবারিক দর্শক তাঁর সঙ্গে সহজে নিজেদের মিল খুঁজে পান। পাশাপাশি উপস্থাপনায়ও তিনি বেছে বেছে কাজ করেন এবং বর্তমান সময়ে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে করা মানহীন ও বিব্রতকর প্রশ্নের প্রবণতার সমালোচনা করেন।