বিরহ – বিক্রম ঘোষ

Share

যতটুকু ভালোবাসা রেখেছি বাকি,

যদি পারো অবশেষে ফিরিয়ে দিয়ো আমায়।

শেষ নক্ষত্রের রাত। শব্দশূন্য আঁধার আসে

কোন তারা নেই, জেগে থাকবে অনন্ত আকাশে

কিছু তারা বাঁচে আমার মতো করে, আঁধারে।

হয়তো তুমি আছো বলে এক শতাব্দী দূরে

 

ছুটি। সাগর যে তােমার মতােই অভিমানী!

ঝিনুকের খোলা রাখল না উজ্জ্বল ভালোবাসা খানি

কেমন একটা নির্জনতার পথ বেয়ে,

পরিসমাপ্তি খুঁজে চলেছি ক্লান্ত পায়ে

কেঁদে ফেলি বারবার। অঝোরে বৃষ্টি মাখা মনে

অমোঘ আকর্ষণে যদি কেউ ভালোবাসে গোপনে।

 

যদি পরিচিত মেঘ ডাকে তোমার গোপন নামে,

ভাবে কাজল লাগিয়ে দিয়ে উড়ে আসা চিঠির খামে ।

যে কবিতা তোমায় লেখা, সেগুলো থাক সমাধির বুকে

তোমার অভিমান যে আজও নাবালক প্রেমহীন বাম পকেটে।

 

বালি যে প্রতিবার স্থির করে বিসর্জনের তারিখ,

আকাশ কত নক্ষত্র খুঁড়ছে সমাধি তোমার পথের চারিদিক।

দিনের অভিশাপে ফিরে যেতে পারি না প্রাচীন অভিসারে

তফাত এতটুকুই, তুমি যে ফুল হয়ে জন্মায়নি আমার কবরে ।