শেষ ইচ্ছা জানিয়ে বললেন, ‘আমার মরদেহে হাত দেবে না কেউ‘

Share

বাবা দিবসে এক বৃদ্ধ বাবার হৃদয়বিদারক আর্তনাদ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, বৃদ্ধাশ্রমে বসে তিনি অভিযোগ করেন—প্রবাসজীবনে কঠোর পরিশ্রম করে সন্তানদের মানুষ করলেও শেষ বয়সে তারাই তাকে একা ফেলে গেছে।

কান্নাজড়িত কণ্ঠে ওই বাবা বলেন, সন্তানদের জন্য জীবনের সবকিছু উজাড় করে দিলেও আজ তারা তার খোঁজও নেয় না। এমনকি মৃত্যুর পরও ছেলে-মেয়ে বা আত্মীয়-স্বজন কেউ যেন তার মরদেহ স্পর্শ না করে—এমন ইচ্ছার কথাও জানান তিনি।

বৃদ্ধ বাবার দাবি, দীর্ঘদিন সৌদি আরবে কাজ করে উপার্জিত অর্থ সন্তানদের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু এখন তারা তার সঙ্গে যোগাযোগ রাখে না। তিনি অভিযোগ করেন, তার অর্থও আত্মসাৎ করা হয়েছে এবং ভালোবাসার পরিবর্তে পেয়েছেন অবহেলা।

আবেগঘন বক্তব্যে তিনি বলেন, শেষ জীবনে বৃদ্ধাশ্রমই তাকে আশ্রয় ও যত্ন দিয়েছে। তাই মৃত্যুর পর তার মরদেহ স্পর্শ করার অধিকারও এই আশ্রমের মানুষদেরই রয়েছে বলে মনে করেন তিনি।

ভিডিওটির মাধ্যমে বৃদ্ধ বয়সে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও মানবিকতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: কালের কন্ঠ ।