ঢাকাকে বললেন ‘ফলের স্বর্গ’ ও আহসান মঞ্জিল-লালবাগ ঘুরে মুগ্ধ তুর্কি গায়িকা

Share

তুরস্কের জনপ্রিয় শিল্পী হান্দে চেভগেল প্রথমবারের মতো বাংলাদেশে এসে মুগ্ধ হয়েছেন দেশের মানুষ, সংস্কৃতি ও ঐতিহাসিক স্থাপনা দেখে। কোক স্টুডিও বাংলার ‘রুমঝুম’ গানে অংশ নেওয়ার সূত্রে ঢাকায় আসেন তিনি।

হান্দে জানান, ঢাকাকে তাঁর কাছে একদিকে সবুজ, অন্যদিকে ব্যস্ত ও কোলাহলপূর্ণ শহর মনে হয়েছে। তবে এখানকার মানুষের আন্তরিকতা তাঁকে মুগ্ধ করেছে। ঝাল খাবারের ভয়ে স্থানীয় খাবার খুব বেশি না খেলেও ফলের প্রতি ভালোবাসার কারণে বাংলাদেশকে তিনি ‘ফলের স্বর্গরাজ্য’ বলে অভিহিত করেন।

ঢাকায় অবস্থানকালে তিনি আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা ও পুরান ঢাকা ঘুরে দেখেন। সময়ের স্বল্পতায় সব জায়গা দেখা না হলেও ভবিষ্যতে আবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন।

‘রুমঝুম’ গানে বাংলাদেশের শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহানের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে স্মরণীয় বলে উল্লেখ করেন হান্দে। তাঁর ভাষ্য, পুরো কাজের পরিবেশ ছিল আনন্দময় এবং সহশিল্পীদের সঙ্গে কাজ করে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন।

তুরস্কের কালজয়ী লোকগান ‘উস্কুদারা গিদের ইকেন’-এর সঙ্গে নজরুলের ‘রুমঝুম’-এর মেলবন্ধন তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। গানটির বাংলা অংশ গাইতেও দারুণ উপভোগ করেছেন তিনি।

কাজী নজরুল ইসলাম সম্পর্কে আগে তেমন জানতেন না বলে স্বীকার করলেও বাংলাদেশে এসে জাতীয় কবির গুরুত্ব উপলব্ধি করেন এবং পরে তাঁর সম্পর্কে পড়াশোনাও করেন। সুযোগ পেলে ভবিষ্যতে আবার বাংলা গান গাওয়ার আগ্রহের কথাও জানান এই তুর্কি শিল্পী।