সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, হাসপাতালে চিকিৎসাধীন

Share

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। তবে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলেও উল্লেখ করেন অভিনেতা।

দুর্ঘটনার অভিজ্ঞতা শেয়ার করে জোভান লিখেছেন, অনেক সময় চালকরা মনে করেন সামান্য বেশি গতিতে চললে সমস্যা হবে না কিংবা নিজের দক্ষতার ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস দেখান। কিন্তু দুর্ঘটনা কখন, কোথায় এবং কীভাবে ঘটবে, তা আগে থেকে কেউ জানে না।

তিনি আরও বলেন, মাত্র কয়েক সেকেন্ডের অসতর্কতা একজন মানুষের জীবনকে আমূল বদলে দিতে পারে। তাই বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরে অভিনেতা লেখেন, ‘গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

জোভানের এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মন্তব্যে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সতর্কতামূলক এই বার্তার প্রশংসা করেছেন।