একসময় হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় রোমান্টিক নায়ক ছিলেন ভারত ভূষণ। ‘বাইজু বাওরা’, ‘বরসাত কি রাত’ ও ‘মির্জা গালিব’-এর মতো সিনেমার সাফল্যে তিনি তারকাখ্যাতির শীর্ষে পৌঁছান। মুম্বাইয়ের বান্দ্রায় ছিল একাধিক বিলাসবহুল বাংলো, যার মধ্যে ‘আশীর্বাদ’ ছিল সবচেয়ে আলোচিত।
তবে অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় বিনিয়োগ করে একের পর এক আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। কয়েকটি সিনেমা ব্যর্থ হওয়ায় গাড়ি, বাংলো ও সম্পত্তি বিক্রি করে শেষ পর্যন্ত মালাডের ছোট্ট একটি ফ্ল্যাটে থাকতে বাধ্য হন।
অর্থকষ্টের মধ্যেও অভিনয় ছাড়েননি ভারত ভূষণ। নায়ক থেকে ছোট চরিত্রে অভিনয় করেও আত্মসম্মান বজায় রেখেছিলেন। অমিতাভ বচ্চন একবার স্মৃতিচারণ করে জানান, তিনি একদিন বাসস্ট্যান্ডে সাধারণ মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা ভারত ভূষণকে দেখেছিলেন—যে দৃশ্য তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল।
১৯৯২ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সে মারা যান ভারত ভূষণ। তাঁর শেষজীবন ছিল অনেকটাই নিঃসঙ্গ। যদিও বিভিন্ন গুঞ্জনের বিপরীতে তাঁর মেয়ে অপরাজিতা ভূষণ দাবি করেন, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি মর্যাদা নিয়েই জীবন কাটিয়েছেন।