এক তারিখ, দুই জন্মদিন-বাবা-ছেলের আনন্দঘন উদযাপন

Share

আজ (২৭ জুন) জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে শরীয়তপুরে জন্ম নেওয়া এই অভিনেতা ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন। তবে দিনটি তার জন্য আরও বিশেষ, কারণ একই দিনে জন্মদিন তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও।

প্রতি বছরই বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেন অপূর্ব। এ বিশেষ মিল নিয়ে তিনি আগেও উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, একই দিনে বাবা-ছেলের জন্মদিন হওয়ায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। এক বাবা দিবসে ছেলেকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তাও দিয়েছিলেন এই অভিনেতা।

২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন অপূর্ব। পরে বিজ্ঞাপন ও নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। ২০১৭ সালে ‘বড় ছেলে’ নাটকে তার অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।

ব্যক্তিগত জীবনে দুইবার বিচ্ছেদের পর ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছর তাদের ঘরে জন্ম নেয় কন্যা আনায়া। বর্তমানে পরিবার ও অভিনয়—দুই ক্ষেত্রেই ব্যস্ত সময় কাটছে তার।

সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘হেডলাইন’-এ রহস্যঘেরা এক চরিত্রে অভিনয় করে আবারও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অপূর্ব। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী।