‘পাগল’ সাজে কে বেশি ভয়ংকর?

Share

সাজানো গোছানো পরিপাটি লুক, কড়া মেকআপ আর মায়াবী হাসিতে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা—এটাই তো নাটক-সিনেমার নায়িকাদের চেনা রূপ। কিন্তু হঠাৎ যদি সেই চেনা ছক ভেঙে উষ্কখুষ্ক চুলে, মলিন পোশাকে আর উদ্ভট অঙ্গভঙ্গিতে তারা রাস্তায় নেমে আসেন? তখন ভক্তদের ভড়কে যাওয়াটাই স্বাভাবিক। ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ সামিরা খান মাহি ও কেয়া পায়েল সম্প্রতি ঠিক এমনভাবেই চমকে দিয়েছেন সবাইকে। গ্ল্যামার কুইন থেকে হঠাৎ ‘পাগল’ বেশে হাজির হয়ে নেটপাড়ায় রীতিমতো তুলকালাম বাধিয়ে দিয়েছেন এই দুই তারকা। এখন প্রশ্ন উঠেছে, পাগল সাজে কে কাকে টেক্কা দিলেন?

আলোচনার সর্বশেষ সংযোজন কেয়া পায়েল। সবসময় ফিটফাট থাকা এই অভিনেত্রী সম্প্রতি ধরা দিয়েছেন এক অচেনা রূপে। অভিনেতা জোভানের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বিচিত্র সব কাণ্ড করছেন পায়েল। পরনে ময়লা পোশাক, চোখে-মুখে কালচে মেকআপ আর চুলগুলো উষ্কখুষ্ক। ভিডিওতে তিনি জোভানকে তেড়ে গিয়ে শাসাচ্ছেন, ‘‘এককেরে খাইয়ালামু কিন্তু!’’ জোভানও মজা নিতে ছাড়েননি। ক্যাপশনে লিখেছেন, ‘‘ছেমড়ি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’’ মূলত একটি নাটকের শুটিংয়ের দৃশ্য এটি। তবে পায়েলের এই ‘ট্রান্সফরমেশন’ দেখে ভক্তরা বলছেন, ‘বাপ রে বাপ, কী মারাত্মক অভিনয়!’ কেউ আবার মেকআপের প্রশংসা করে বলেছেন, ‘একদম পারফেক্ট।’

অন্যদিকে, এই দৌড়ে আগে থেকেই মাঠ গরম করে রেখেছেন ‘সিলেটি ফুরি’ খ্যাত সামিরা খান মাহি। কিছুদিন আগে ‘বকুল ফুল’ নাটকের শুটিংয়ের ছবি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। জট ধরা চুল, হাতে খাবারের থালা আর উদাস দৃষ্টি—মাহির সেই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। কেউ আবেগে আপ্লুত হয়ে লিখেছিলেন, ‘ওরে আল্লাহ, একদমই চেনা যাচ্ছে না। সিনটা দেখে চোখে পানি চলে আসবে।’ আবার কেউ কেউ ট্রল করার সুযোগও হাতছাড়া করেননি। কটাক্ষ করে বলেছিলেন, ‘এরে এমনেই ভালো মানায়’ বা ‘আপনার আগের চেহারাটা এরকমই ছিল।’ মাহি অবশ্য সেসব নেতিবাচক মন্তব্য গায়ে না মেখে নিজের অভিনয়শৈলী দিয়েই জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন আর গৎবাঁধা কাজ নয়, মানের দিকেই তার নজর।

দুই অভিনেত্রীর এই ভোল পাল্টে ফেলা নিয়ে ভক্তদের মধ্যে চলছে অঘোষিত লড়াই। একদিকে মাহির ‘বকুল ফুল’-এর করুণ বাস্তবতা, অন্যদিকে পায়েলের ‘খাইয়ালামু’র তেজ। গ্ল্যামার জগতের বাইরে এসে অভিনয়ের এই পরীক্ষায় কে ফার্স্ট হলেন—মাহি নাকি পায়েল? সেই বিচারের ভার নাহয় দর্শকদের হাতেই রইল। তবে এটা নিশ্চিত, চরিত্রের প্রয়োজনে নায়িকাদের এই সাহসিকতা বাংলা নাটকের দর্শকদের জন্য নতুন এক চমক।