কোটি ভিউয়ের মাইলফলকে নিলয়ের ডাবল সেঞ্চুরি

Share

বাংলাদেশের নাট্যাঙ্গনে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তাঁর অভিনীত ২০০টি নাটক ইউটিউবে এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছে, যা দেশের কোনো অভিনয়শিল্পীর ক্ষেত্রে প্রথম। সম্প্রতি ফেসবুকে এই অর্জনের খবর নিজেই জানিয়েছেন তিনি।

এই সাফল্যের জন্য পরিচালক, চিত্রনাট্যকার, সহশিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি বিশেষভাবে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিলয়। তাঁর ভাষায়, দর্শকদের ভালোবাসা, সমর্থন ও আস্থাই তাঁকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে।

গত কয়েক বছরে ইউটিউব নাটকে অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন নিলয়। অভিনয়ের পাশাপাশি তিনি নিজের ইউটিউব চ্যানেল এনএএফ পরিচালনা করছেন, যার সাবস্ক্রাইবার ৪২ লাখেরও বেশি।

সবচেয়ে বেশি ভিউ পাওয়া বাংলা নাটকের শীর্ষ ১০ তালিকায়ও রয়েছে নিলয়ের দাপট। তালিকার ১০টি নাটকের মধ্যে ৬টিতেই অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘শ্বশুর বাড়িতে ঈদ’ ও ‘মামার বাড়ি’ রয়েছে প্রথম দুই স্থানে।

নাটকের ডিজিটাল যুগে নিলয়ের এই ‘ডাবল সেঞ্চুরি’ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের অনলাইন নাট্যাঙ্গনের জন্যও একটি উল্লেখযোগ্য মাইলফলক।