আজ (২৭ জুন) দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা পরমব্রত চ্যাটার্জির জন্মদিন। ৪৬ বছর পূর্ণ করে ৪৭-এ পা রাখা এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ, বাংলা ভাষা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক বিষয়ে স্পষ্ট অবস্থানের জন্যও পরিচিত।
বাংলাদেশের প্রতি তার ভালোবাসার প্রকাশ বারবারই দেখা গেছে। ২০২৪ সালে নিজের জন্মদিন ঢাকায় কাটিয়ে ‘আজব কারখানা’ সিনেমার প্রচারণায় অংশ নেন তিনি। সে সময় ঢাকাকে নিজের শহরের মতো মনে হয় বলেও মন্তব্য করেছিলেন।
বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রশ্নেও সরব ছিলেন পরমব্রত। দিল্লি পুলিশের এক চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ উল্লেখ করার ঘটনায় তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলা কোনো একটি দেশের ভাষা নয়; এটি দুই বাংলার মানুষের অভিন্ন মাতৃভাষা।
এ ছাড়া ২০২৪ সালের বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়েও সংহতি প্রকাশ করেছিলেন এই অভিনেতা। তার মতে, আন্দোলনটি মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
ব্যোমকেশ, ফেলুদা থেকে বলিউডের ‘কাহানি’—বহুমাত্রিক অভিনয়জীবনের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পরমব্রত। অভিনয়, বুদ্ধিমত্তা এবং দুই বাংলার প্রতি আন্তরিক টান—সব মিলিয়ে তিনি বাংলা সংস্কৃতির অন্যতম পরিচিত মুখ।