শুটিং সেটে ভক্তের কাণ্ডে অস্বস্তিতে কাজল

Share

দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল সম্প্রতি একটি সিনেমার শুটিং চলাকালে অস্বস্তিকর ও অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখোমুখি হয়েছেন। অভিনেত্রীর অভিযোগ, ইউনিটের এক সহকারী পরিচালক বিনা অনুমতিতে তার ব্যক্তিগত ক্যারাভানে প্রবেশ করে এমন আচরণ করেন, যা তাকে আতঙ্কিত করে তোলে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাজল আগারওয়াল জানান, শুটিং শেষে তিনি নিজের ক্যারাভানে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় ইউনিটের এক সহকারী পরিচালক দরজায় কড়া না নেড়েই ভেতরে ঢুকে পড়েন।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি হঠাৎ নিজের শার্ট খুলে বুকে করা কাজল আগারওয়ালের নামের একটি ট্যাটু দেখান। পুরো ঘটনায় তিনি বিস্মিত ও ভীত হয়ে পড়েন।

ঘটনাটি স্মরণ করে কাজল বলেন, “আমি এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম যে আমার হাত-পা কাঁপতে শুরু করেছিল। কীভাবে প্রতিক্রিয়া জানাব, বুঝে উঠতে পারছিলাম না।”

তিনি বলেন, একজন ভক্ত তার নামে ট্যাটু করিয়েছেন—এটি ব্যক্তিগতভাবে তাকে স্পর্শ করলেও, বিনা অনুমতিতে একজন নারীর ব্যক্তিগত কক্ষে প্রবেশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কাজলের ভাষায়, “কেউ যত বড় ভক্তই হোক না কেন, একজন নারী যখন একা থাকেন, তখন অনুমতি ছাড়া তার ব্যক্তিগত পরিসরে প্রবেশ করা সম্পূর্ণ অনুচিত এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ব্যক্তিগত সীমারেখা সবারই সম্মান করা উচিত।”

অভিনেত্রী জানান, তিনি ওই সহকারী পরিচালককে সতর্ক করে বলেন যে, এমন আচরণের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। পরে তাকে ক্যারাভান থেকে বের হয়ে যেতে বলা হয়।

২০০৪ সালে হিন্দি চলচ্চিত্র ‘কিউঁ! হো গায়া না…’-এর মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন কাজল আগারওয়াল। তবে ২০০৯ সালে এস. এস. রাজামৌলি পরিচালিত ‘মাগাধীরা’ সিনেমা তাকে দক্ষিণী চলচ্চিত্রে তারকাখ্যাতি এনে দেয়। এরপর ‘ডার্লিং’, ‘মি. পারফেক্ট’, ‘বিজনেসম্যান’, ‘নায়ক’, ‘বাদশাহ’, ‘ইয়েভাদু’ এবং ‘টেম্পার’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন।

বলিউডেও ‘সিংহাম’ এবং ‘স্পেশাল ২৬’-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

এদিকে কাজল আগারওয়ালের নতুন সিনেমা ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ গত ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।