‘নেভার হ্যাভ আই এভার’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী মৈত্রেয়ী রামাকৃষ্ণন এবার নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘বেস্ট অফ দ্য বেস্ট’ নিয়ে ফিরেছেন। ১৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভারতীয় নাচকে ঘিরে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প। মৈত্রেয়ীর মতে, একসময় হলিউডে ভারতীয় নাচ ও সংস্কৃতিকে হালকাভাবে উপস্থাপন করা হলেও এখন তা আরও সম্মানের সঙ্গে তুলে ধরা হচ্ছে। কানাডায় বেড়ে ওঠা শ্রীলঙ্কান বংশোদ্ভূত মৈত্রেয়ীর অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না; তিনি অ্যানিমেশনে কাজ করতে চেয়েছিলেন। পরে ১৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্মাতা মিন্ডি ক্যালিং তাকে ‘নেভার হ্যাভ আই এভার’-এর জন্য বেছে নেন। হঠাৎ পাওয়া খ্যাতি সামলাতে ক্যালিং তাকে ছোট বোনের মতো আগলে রেখেছিলেন বলেও জানান মৈত্রেয়ী।