কবি এবার নীরব হও! এখন তোমার দুঃসময়!
আরও গভীরভাবে নতো হও!
কেননা, ওরা তোমার কণ্ঠ ছিনিয়ে নিতে চাইবে!
কথার ঝড় তুলে তোমায় ডুবিয়ে দিতে চাইবে!
তাই নীরবতায় ডুব দাও আরও গভীরে।
একদিন অন্ধকার শেষে আলো ফুটে উঠবে!
প্রতিটি হারানো পাখি তাঁর ডানায় ভর করে
আপন নীড়ে ফিরে আসবে।
ঝড় থামবে নিজের ক্লান্তিতে,
ততদিনে সমুদ্র যদি উত্তাল হয়ে ওঠে
তার ঢেউকে বাধা দিও না।
এই অন্ধকারের দানবেরা তোমার নাম ধরে ডাকলেও
তোমার স্বপ্ন ভাঙিও না।
স্বাধীনতায় এক টুকরো নিজস্ব আশ্রয়,
একফালি লাল-সবুজের স্মৃতি,
আর দেশের প্রতি একরাশ নিঃশব্দ ভালোবাসা-
তাই নিয়েই জীবন চালিয়ে নিও।
কেননা, এখন তোমার দুঃসময়! বড্ড দুঃসময়!
তাই এবার নীরব হও, নতো হও গভীরভাবে!
কথা বন্ধ রাখো তোমার বাদামী ঠোঁটে-
যতক্ষণ না নীরবতা নিজেই
তোমার সবচেয়ে উঁচু কণ্ঠ হয়ে ওঠে।
(বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করছি)