ভাঙাগড়ার খেলা – মজনু সরকার

Share

গ্রামের মেঠোপথ, দোচালা টিনের ঘর, মাটির চুলায় রান্না করা মোটা ভাত, বছর শেষে গায়ে জড়ানো একখণ্ড জামা আর প্রচণ্ড মানসিক শক্তি নিয়ে সেই ছোটবেলা থেকে জীবনের ভাঙাগড়ার খেলায় যুক্ত হয়েছি। যখন ভেঙেছি, তখন নিজেকে গড়ার অপেক্ষায় থেকেছি; আবার যখন নিজেকে গড়েছি, তখন প্রস্তুতি নিয়েছি নতুন ভাঙন মোকাবিলার।

যতই প্রস্তুতি নিয়েছি, প্রতিবারই ভাঙন এসেছে নতুন রূপে, নতুন আবহে—কখনো কালো বৈশাখী ঝড়ের মতো আবার কখনো ভাঙনশীল উত্তাল নদীর মতো। যার আঘাতে জীবনের এক কূল ভেঙে পড়ত, আর অন্য কূল গড়ে ওঠার আশায় অপেক্ষায় থাকতাম।

এভাবেই এই ক্ষুদ্র জীবনে অসংখ্যবার নিজেকে ভেঙেছি, আবার অসংখ্যবার নিজেকে গড়েছি। ভাঙাগড়ার এই খেলায় জীবনের এই পর্যায়ে এসে মনে হয়েছে- যত দূরেই যাই, পৃথিবীর যে প্রান্তেই পৌঁছাই, জীবনের এই ভাঙা–গড়ার খেলার শেষ নেই। এ যেন আমৃত্যু বয়ে চলা এক দীর্ঘ ম্যারাথন রেস—যেখানে থামার কোন অবকাশ নেই, শুধু নিঃশব্দে সামনে এগিয়ে চলা।

মোঃ মজনু সরকার
১৭ জানুয়ারি ২০২৬
ক্ষণিকালয়, ঢাকা।