নাটক, বিজ্ঞাপন কিংবা ওয়েব সিরিজ—সবখানেই আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জুটির রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। ছোট পর্দায় তুমুল জনপ্রিয়তা অর্জনের পর দুজনেই আলাদাভাবে বড় পর্দায় অভিষেক ঘটালেও, ভক্তদের দীর্ঘদিনের আক্ষেপ ছিল—কবে সিনেমায় একসঙ্গে দেখা মিলবে এই জুটির? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন নিশো ও মেহজাবীন।
জানা গেছে, সাসপেন্স-থ্রিলার ঘরানার এই সিনেমাটির নাম ‘পুলসিরাত’। আর এই জুটিকে এক সুতোয় গাঁথছেন সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ছবির কাস্ট, গল্প ও শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা আসবে বলে জানা গেছে।
ছোট পর্দার সফল এই জুটি বড় পর্দায় ভিকি জাহেদের পরিচালনায় কেমন ধামাকা নিয়ে আসেন, তা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। বর্তমানে দুই তারকাই ব্যস্ত সময় পার করছেন নিজেদের কাজ নিয়ে। সম্প্রতি আফরান নিশো শেষ করেছেন রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর শুটিং।
অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ব্যস্ত আছেন ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে, যেখানে তার বিপরীতে দেখা যাবে সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানকে। ব্যস্ততার মাঝেই ‘পুলসিরাত’ দিয়ে নিশো-মেহজাবীনের এই নতুন যাত্রা ঢাকাই সিনেমায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।