‘আমি চাই, আমার কোনো শত্রুও যেন এ রকম পরিস্থিতিতে না পড়ে’

Share

পরিচালক কৌশিক গাঙ্গুলীর প্রশংসিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’–এর সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রথম কিস্তির মতো এবারও গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্পর্ক, আবেগ, অতীতের না-বলা গল্প এবং মানুষের অন্তর্দ্বন্দ্বকে ঘিরেই এগিয়েছে সিনেমার কাহিনি।

কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, প্রথম সিনেমা নির্মাণের সময় থেকেই দ্বিতীয় পর্বের পরিকল্পনা ছিল। দর্শকদের অভূতপূর্ব সাড়া ও ভালোবাসাই সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করেছে। তাঁর ভাষায়, একটি সিনেমা নির্মাতা তৈরি করলেও সেটিকে সফল করে তোলেন দর্শকরাই।

এদিকে সিনেমার প্রচারণায় ব্যস্ত জয়া আহসান বৃষ্টিতে ভিজে অসুস্থ হলেও প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, ট্রেলার প্রকাশের পর দর্শকদের আগ্রহ আরও বেড়েছে এবং যেসব হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে, সেখানে আগাম টিকিটের চাহিদাও বেশ ভালো। নতুন কিস্তি নিয়ে রহস্য বজায় রেখে জয়ার মন্তব্য, ‘এবার ডোজটা একটু কড়া।’

জয়ার মতে, কৌশিক গাঙ্গুলী সম্পর্কের গল্প নির্মাণে অসাধারণ দক্ষ। তিনি বিশ্বাস করেন, ‘আজও অর্ধাঙ্গিনী’ দর্শকদের আবেগে নাড়া দেবে এবং প্রথম সিনেমার মতোই গভীর ছাপ ফেলবে।

জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলী, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী, ইন্দ্রাশিস রায়, রায়া ভট্টাচার্য ও ডিম্পল আচার্য।