বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালের ৯ আগস্ট ৬৭ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুবার্ষিকীতে ভক্ত-অনুরাগীরা নানা স্মৃতিকথায় তাকে স্মরণ করছেন।
এবার ব্যতিক্রমীভাবে আলাউদ্দীন আলীকে স্মরণ করার উদ্যোগ নিয়েছেন তার মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন। তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে আলাউদ্দীন আলীর সুর করা বা সংগীতায়োজিত প্রিয় কোনো গান গেয়ে, বাজিয়ে কিংবা গুনগুন করে ভিডিও শেয়ার করার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, এটি কোনো প্রতিযোগিতা নয়, ভালোবাসা থেকে একজন কিংবদন্তির সৃষ্টিকে স্মরণ করার ছোট্ট প্রয়াস।
১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে জন্ম নেওয়া আলাউদ্দীন আলী লোকজ ও ধ্রুপদি সংগীতের মেলবন্ধনে অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করেছেন। ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘হয় যদি বদনাম হোক আরও’, ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’সহ তার অসংখ্য গান আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে।