‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর ১৮তম আসরের বিশেষ পর্বে অমিতাভ বচ্চনের সঙ্গে হাজির হয়েছেন আমির খান, সানি দেওল ও প্রীতি জিনতা। তাদের আসন্ন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা।
অনুষ্ঠানের প্রচার ঝলকে ‘সোচনা পড়েগা’ প্রসঙ্গে অমিতাভের সঙ্গে আমিরের কথোপকথন নজর কেড়েছে। তবে এরই মধ্যে আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ শুরু করেছেন নেটিজেনদের একাংশ।
সম্প্রতি তৃতীয়বার বিয়ের পর ভিডিওটির মন্তব্যঘরে একজন প্রশ্ন করেন, ‘চতুর্থ বার কবে বিয়ে করছেন?’ আরেকজন লেখেন, ‘উনি কি নিজের বিয়েগুলো নিয়ে কথা বলতে এসেছেন?’ আমিরের কথোপকথন নিয়েও নানা রসিক মন্তব্য করেছেন অনেকে।