সাহিত্য, চলচ্চিত্র ও গীতিকার হিসেবে বাংলা সংস্কৃতিতে অনন্য অবদান রাখা কিংবদন্তি আমজাদ হোসেনের আজ জন্মদিন। ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্ম নেওয়া এই গুণী মানুষটি ছড়া-কবিতা দিয়ে সাহিত্যজগতে যাত্রা শুরু করেন।
১৯৬১ সালে ‘তোমার আমার’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় পা রাখেন তিনি। পরবর্তীতে নির্মাতা হিসেবে ‘জুলেখা’, ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘ভাত দে’সহ উপহার দেন অসংখ্য কালজয়ী চলচ্চিত্র।
গ্রামবাংলার সাধারণ মানুষের জীবন, সংগ্রাম ও বঞ্চনাকে তার সৃষ্টিতে তুলে ধরেছেন অনন্যভাবে। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ১২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননা।
২০১৮ সালের ১৪ ডিসেম্বর ৭৬ বছর বয়সে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। তবে তার সৃষ্টি আজও বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে তাকে স্মরণীয় করে রেখেছে।