আইয়ুব বাচ্চুর জন্মদিনে কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রভাবের কথা বলেছেন ‘শিরোনামহীন’-এর ভোকাল শেখ ইশতিয়াক।
তিনি জানান, স্কুলজীবনে নিজের ব্যান্ডে প্রথম যে গানটি অনুশীলন করেছিলেন, সেটি ছিল এলআরবির। মিউজিক শেখার শুরু থেকে পরবর্তী সময়েও আইয়ুব বাচ্চুর গান তাদের কাছে পাঠের মতো ছিল। এখনো সেই শিক্ষা ধারণ করেই তিনি সংগীতচর্চা করছেন।
শেখ ইশতিয়াক বলেন, ‘শিরোনামহীন’-এর দীর্ঘ পথচলায় আইয়ুব বাচ্চুর সঙ্গে ছিল বহু কনসার্ট ও নানা স্মৃতি। তার ‘এখন অনেক রাত’ গানটিও তারা বহুবার অনুশীলন ও মঞ্চে পরিবেশন করেছেন।
নতুন প্রজন্মের কাছে আইয়ুব বাচ্চুর গান পৌঁছে দিতে তার গান নিয়মিত চর্চা ও কনসার্টে ট্রিবিউট করার পরিকল্পনার কথাও জানান তিনি। শেখ ইশতিয়াকের মতে, বাচ্চু ভাইয়ের অনন্য গিটার বাজানো ও সুরের মেলোডি বাংলা সংগীতের অমূল্য সম্পদ, যা নতুন প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা জরুরি।