প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রাজা সেন

Share

জাতীয় পুরস্কারপ্রাপ্ত টালিউড নির্মাতা রাজা সেন আর নেই। রোববার (১৬ আগস্ট) সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে মারা যান তিনি।

 

দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন রাজা সেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল।

 

চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা রাজা সেনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দামু’, ‘আত্মীয় স্বজন’, ‘দেবীপক্ষ’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘ল্যাবরেটরি’ ও ‘মায়া মৃদঙ্গ’। ‘দামু’, ‘আত্মীয় স্বজন’ এবং একটি তথ্যচিত্রের জন্য তিনি মোট তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

 

টেলিভিশনেও ‘সুবর্ণলতা’, ‘আদর্শ হিন্দু হোটেল’ ও **‘আরোগ্য নিকেতন’**সহ জনপ্রিয় ধারাবাহিক নির্মাণ করেছেন তিনি। তার মৃত্যুতে টালিউডসহ বাংলা বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।