অভিনয়ের প্রতি ভালোবাসা থাকলেও এখন শুধু পারিশ্রমিকের জন্য অপছন্দের কোনো কাজে দীর্ঘ সময় দিতে চান না শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের কাজ, ব্যক্তিগত জীবন ও পছন্দের সীমারেখা নিয়ে কথা বলেছেন তিনি। ফারিয়া জানান, বর্তমানে পরিবার, নিজের ঘর ও ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেন। তাই এমন গল্প বা চরিত্রেই অভিনয় করতে চান, যা তাকে সত্যিই আগ্রহী করে। অভিনয়ের পাশাপাশি গত এক বছরে বিভিন্ন ব্র্যান্ডের জন্য প্রমোশনাল কনটেন্টও তৈরি করেছেন তিনি। এতে তুলনামূলক কম সময়ে কাজ করে পরিবার ও নিজের জন্য সময় রাখা যায় বলে জানান অভিনেত্রী। তবে নিজের বিশ্বাসের সঙ্গে মেলে না—এমন পণ্যের প্রচার করেন না ফারিয়া। বিশেষ করে স্কিন হোয়াইটেনিং পণ্য, অ্যাসথেটিক সেবা এবং স্লিমিং টি-কফি বা পানীয় প্রচার থেকে বিরত থাকেন তিনি। সৌন্দর্যের নির্দিষ্ট মানদণ্ড বা শর্টকাটে ওজন কমানোর ধারণা প্রচারেও তার আপত্তি রয়েছে। তার বক্তব্য, নিজে যে পণ্য বা সেবায় বিশ্বাস করেন না, শুধু অর্থের জন্য সেটি অন্যদের ব্যবহারের পরামর্শ দিতে চান না। বর্তমানে নিজের এই সীমারেখা মেনে কাজ বেছে নেওয়ার সুযোগ থাকায় সচেতনভাবেই সেটি কাজে লাগাতে চান তিনি।