বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে আগামীকাল ২২ সেপ্টেম্বর রাজধানীতে মঞ্চস্থ হবে ‘ট্রায়াল অব সূর্যসেন’। ঢাকা পদাতিকের আয়োজনে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে সন্ধ্যা ৬টায় শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে তপোবনের শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের আঁকা প্রীতিলতা, চট্টগ্রাম যুববিদ্রোহ ও ব্রিটিশবিরোধী আন্দোলনের বিভিন্ন ঘটনার ছবি প্রদর্শিত হবে। এরপর অতিথিদের বক্তব্য শেষে মঞ্চায়িত হবে নাটকটি। বিশেষ প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’ এবার ৪৭তম মঞ্চায়নে পৌঁছাচ্ছে। মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নাটকটি রচনা ও মূল নির্দেশনা দিয়েছিলেন প্রয়াত নাট্যজন মাসুম আজিজ। তাঁর মৃত্যুর পর নবনির্দেশনার দায়িত্ব নিয়েছেন নাদের চৌধুরী, যিনি নাটকে সূর্যসেনের চরিত্রেও অভিনয় করছেন। প্রায় ৪০টি চরিত্রের এ নাটক ইতোমধ্যে দেশ-বিদেশে মঞ্চায়িত হয়েছে। ভারতের দিল্লিতেও এর দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।