রোমান্টিক চরিত্রের বাইরে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে পর্দায় আসছেন রাশমিকা মান্দানা। তাঁর নতুন সিনেমা ‘মাইসা’-র টিজারে দেখা গেছে দুর্ধর্ষ অ্যাকশন অবতারে অভিনেত্রীকে। নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের সিনেমাটিতে রাশমিকাকে এক গোণ্ড জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে দেখা যাবে। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে নিজের পথ তৈরি করা এই চরিত্রে কাস্তে হাতে মারামারি, পানির নিচে লড়াই ও মোটরসাইকেল চালানোর মতো অ্যাকশন দৃশ্যে দেখা গেছে তাঁকে। চরিত্রটির জন্য শারীরিক ও মানসিকভাবে কঠোর প্রস্তুতি নিয়েছেন রাশমিকা। শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে গুরুতর চোটও পেয়েছিলেন তিনি। ‘মাইসা’ আগামী ২৭ নভেম্বর তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তির কথা রয়েছে। সিনেমাটিতে রাশমিকার পাশাপাশি ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, সামুথিরাকানি ও আরও অনেকে অভিনয় করেছেন।