চয়নিকা চৌধুরীর একটি পুরোনো ফেসবুক পোস্টের স্মৃতি ঘিরে আবারও আলোচনায় এসেছেন ঢালিউড তারকা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। এক বছর আগে শাকিব, বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে কাটানো কিছু পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন এই নির্মাতা। সেই পোস্টই এবার ‘মেমোরি’ হিসেবে পুনরায় শেয়ার করে তিনি লিখেছেন, “মেমোরি, এই দিনে… টাইম ফ্লাইস ফাস্ট…”।
পুরোনো পোস্টে চয়নিকা চৌধুরী শাকিব-বুবলীর সম্পর্কের চেয়ে তাদের সন্তানের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার দিকটিকেই গুরুত্ব দেন। তিনি লিখেছিলেন, সময়, দূরত্ব কিংবা নীরবতা কিছু সম্পর্ককে মুছে দিতে পারে না; কারণ শেহজাদ খান বীরের কাছে তারা সবসময়ই মা ও বাবা। যুক্তরাষ্ট্রে ছেলে বীরকে নিয়ে তাদের একসঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো সে সময় যেমন ভক্তদের আবেগাপ্লুত করেছিল, তেমনি নতুন করে স্মৃতিচারণের পর আবারও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে।
এদিকে শাকিব খান বর্তমানে তার নতুন সিনেমা ‘সোলজার’-এর কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে বুবলী সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। গত ১১ মে জন্ম নেয় তাদের কন্যা সন্তান শারলিন খান। সন্তান জন্মের পর থেকে বুবলী জনসমক্ষে খুব একটা দেখা না দিলেও, শাকিব খান বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। তবে কন্যাসন্তানকে নিয়ে তিনি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য না করায় বিষয়টি নিয়েও ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছে।