কোদাল হাতে মাঠে জয়া আহসান, কৃষিকাজে মুগ্ধ নেটিজেন

Share

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি প্রকৃতি ও কৃষিকাজের প্রতিও সমান অনুরাগী। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে খালি পায়ে, সাদামাটা পোশাকে নিজের বাগানে দীর্ঘক্ষণ কোদাল চালিয়ে মাটি প্রস্তুত করতে দেখা যায়। একজন সহায়তাকারীর সঙ্গে মিলে তিনি গোবর সার মিশিয়ে জমি তৈরি করেন এবং নিজের বাগানের বিভিন্ন গাছের সঙ্গেও পরিচয় করিয়ে দেন।

 

জয়ার এই পরিশ্রমী ও সহজ-সরল জীবনযাপন নেটিজেনদের মুগ্ধ করেছে। অনেকেই তাকে ‘মাটির মানুষ’ বলে প্রশংসা করেছেন। কেউ মন্তব্য করেছেন, নিয়মিত কায়িক পরিশ্রমই তারুণ্য ও ফিটনেস ধরে রাখার অন্যতম রহস্য।

 

এর আগেও এক সাক্ষাৎকারে জয়া জানিয়েছিলেন, নিয়মিত জিম করার চেয়ে তিনি দৈনন্দিন শারীরিক পরিশ্রমকে বেশি গুরুত্ব দেন। নতুন সিনেমার প্রয়োজন হলে শরীরচর্চা করলেও, সাধারণ সময়ে নিজের বাগানে কাজ করাই তার ফিট থাকার অন্যতম উপায়। তার ভাষায়, “আমি যেমন চাষ করি। মাটি তৈরি করা থেকে শুরু করে দরকার হলে নিজেই কোদাল দিয়ে মাটি কোপাই।”

 

অভিনয়ের ব্যস্ততার মাঝেও কৃষিকাজের প্রতি জয়ার এই ভালোবাসা ও প্রকৃতিনির্ভর জীবনধারা ভক্তদের কাছে তাকে আরও অনুপ্রেরণাদায়ী করে তুলেছে।