৭০ বছরে ‘মুখ ও মুখোশ’, বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক মাইলফলক

Share

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের প্রথম দেশীয় পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ মুক্তির ৭০ বছর পূর্ণ হলো। ১৯৫৬ সালের ৩ আগস্ট ঢাকার ঐতিহ্যবাহী রূপমহল সিনেমা হলে প্রথম প্রদর্শনের মাধ্যমে শুরু হয়েছিল ঢাকাই চলচ্চিত্রের আনুষ্ঠানিক যাত্রা।

 

ছবিটি নির্মাণ করেছিলেন আবদুল জব্বার খান। চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা না থাকলেও প্রবল আগ্রহ ও সাহস নিয়ে তিনি এই ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেন। তার লেখা ‘ডাকাত’ নাটক অবলম্বনে নির্মিত হয় সিনেমাটি।

 

নির্মাণের সময় নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। পুরোনো ক্যামেরা ও সীমিত সরঞ্জাম নিয়ে শুরু হওয়া কাজ শেষ হয় বুড়িগঙ্গার কালীগঞ্জ, লালমাটিয়া, তেজগাঁও ও টঙ্গীর তুরাগ নদীর তীরে। এতে অভিনয় করেন পূর্ণিমা সেনগুপ্তসহ একাধিক শিল্পী, আর পরিচালক নিজেই অভিনয় করেন আফজল চরিত্রে।

 

মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া পায় ‘মুখ ও মুখোশ’। নানা বাধা পেরিয়ে তৈরি এই সিনেমা প্রমাণ করে, বাংলার মাটিতেও পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ সম্ভব। সাত দশক পরও ছবিটি দেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য স্মারক হয়ে আছে।