আলাউদ্দিন আলীর স্মরণে কন্যার ব্যতিক্রমী আহ্বান

Share

কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রয়াণ দিবস ৯ আগস্ট। এ উপলক্ষে তার কন্যা সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন ভক্ত ও গানপ্রেমীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি অনুরোধ করেন, আলাউদ্দিন আলীর সুর করা বা সংগীতায়োজিত প্রিয় কোনো গান গেয়ে, বাজিয়ে বা গুনগুন করে ছোট ভিডিও শেয়ার করতে। তিনি জানান, এটি কোনো প্রতিযোগিতা নয়; বরং ভালোবাসা ও শ্রদ্ধায় একজন কিংবদন্তি শিল্পীকে স্মরণ করার উদ্যোগ।

 

অংশগ্রহণকারীদের ভিডিওতে #AlauddinAliLivesOn হ্যাশট্যাগ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন আলিফ। তার প্রত্যাশা, মানুষের কণ্ঠে আবারও বেঁচে উঠবে বাবার অমর সৃষ্টিগুলো।

 

বাংলা চলচ্চিত্রের সংগীতে আলাউদ্দিন আলীর অবদান অসামান্য। তার সুর ও সংগীতায়োজনে সৃষ্টি হয়েছে অসংখ্য কালজয়ী গান, যা আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে জনপ্রিয়।