নিরাপদ সড়ক আন্দোলনকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, এই আন্দোলন এখন আর ব্যক্তিগত নয়, এটি পুরো বাংলাদেশের মানুষের দাবি।
শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিসচার ১১তম মহাসমাবেশে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ৩৩ বছর আগে ব্যক্তিগত জীবনের এক বেদনাকে মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলেন তিনি। এখন সেই আন্দোলন সারা দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।
নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চান এই অভিনেতা। তিনি বলেন, দ্রুত সুস্থ হয়ে আবারও নিরাপদ সড়ক আন্দোলনের পাশে সক্রিয়ভাবে কাজ করতে চান।
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমসহ সবাইকে নিরাপদ সড়ক বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জানান, দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন। ব্রেন টিউমারের চিকিৎসার অংশ হিসেবে তাকে অস্ত্রোপচার, কেমোথেরাপি ও দীর্ঘমেয়াদি চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে।