বলিউডে ডেঙ্গুর প্রকোপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর ও ‘বালিকা বধূ’খ্যাত অভিকা গোর। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অসুস্থতার খবর জানিয়েছেন তারা।
গত ৮ আগস্ট হাসপাতালের বিছানা থেকে ছবি প্রকাশ করে স্বরা জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
অন্যদিকে টানা পাঁচ দিন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বরে ভোগার পর অভিকাকেও হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ অবস্থাতেও দিল্লিতে পূর্বনির্ধারিত বিজ্ঞাপনের শুটিং শেষ করে মুম্বাই ফেরেন তিনি। পরে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসা শুরু হয়। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।