দীর্ঘ ১৫ মাসের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর স্বল্প সময়ের জন্য দেশে ফিরেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার খবর পেয়ে তাকে দেখতে শনিবার রাতে গুলশানের বাসায় যান বরেণ্য অভিনয়শিল্পী সুচন্দা ও তার ছোট বোন চম্পা।
এ সময় দুই বোনকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ আড্ডায় চলচ্চিত্রজীবনের নানা স্মৃতি নিয়ে কথা বলেন তারা। একপর্যায়ে সুচন্দা ও চম্পার অনুরোধে ‘আর যাব না আমেরিকা’সহ কয়েকটি গানও গেয়ে শোনান কাঞ্চন।
চম্পা সঙ্গে করে জমজমের পানি ও কয়েকটি পাঞ্জাবি নিয়ে যান। নিজের হাতে কাঞ্চনকে জমজমের পানি পান করান তিনি। প্রায় রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে তাদের এই আন্তরিক আড্ডা।
উল্লেখ্য, গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর ব্রেন ক্যানসার শনাক্ত হয় তার। দীর্ঘদিন কেমোথেরাপি নেওয়ার পর দেশে ফিরেছেন তিনি; লন্ডনে ফিরে আবারও চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।