ক্যানসারের সঙ্গে লড়াইয়ের ভয়াবহ সময়ের স্মৃতি এখনও তাড়া করে অভিনেত্রী মনীষা কৈরালাকে। ২০১২ সালে চতুর্থ পর্যায়ের ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ার পর নেপালের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হন তিনি। সেই রাতকে জীবনের সবচেয়ে দীর্ঘ ও নিঃসঙ্গ রাত হিসেবে উল্লেখ করে মনীষা জানান, তখন তার মনে হয়েছিল তিনি হয়তো মারা যাবেন।
কঠিন সেই অভিজ্ঞতা অবশ্য জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। সুস্থ হয়ে ওঠার পর জীবনকে দ্বিতীয় সুযোগ হিসেবে দেখছেন তিনি। এখন স্বাস্থ্য, পরিবার, কাছের মানুষ ও প্রকৃতির সান্নিধ্যকেই বেশি গুরুত্ব দেন মনীষা। অপ্রয়োজনীয় বিষয় ও কৃত্রিম সামাজিকতার বদলে শান্তিপূর্ণ জীবনযাপনই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।