বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিনে তার সঙ্গে কাটানো স্মৃতি শেয়ার করেছেন ‘ওয়ারফেজ’-এর ভোকাল পলাশ নূর। তিনি জানান, আইয়ুব বাচ্চুর জীবনের শেষ টিভি শোটি তার সঙ্গেই করেছিলেন।
যমুনা টিভির ‘ছুটির রাতের লাইভ’ অনুষ্ঠানে বাচ্চু ভাইয়ের সঙ্গে তার শেষ সাক্ষাৎ হয়। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু নিজে গিটার বাজিয়ে পলাশ নূরকে দিয়ে ‘সেই তুমি’ গানটি গাওয়ান। অনুষ্ঠানের পর জন্মদিনের কেকও সবার আগে পলাশের মুখে তুলে দেন তিনি।
পলাশ বলেন, বাচ্চু ভাই তাকে বলেছিলেন, ‘তুমি অনেক বড় হবে। তোমার মতো করে এগিয়ে যাও।’ নতুনদের প্রতি তার ভালোবাসা ও অনুপ্রেরণার কথাও স্মরণ করেন তিনি।
আইয়ুব বাচ্চুর শেষ সময়ের স্মৃতি প্রসঙ্গে পলাশ জানান, তিনি ইচ্ছা করেই বাচ্চু ভাইয়ের মৃত মুখ দেখেননি। কারণ, তার মনে তিনি আজও হাসিমুখে কথা বলা সেই প্রিয় মানুষ হিসেবেই বেঁচে আছেন। তাঁর ভাষায়, আইয়ুব বাচ্চু ও সংগীতকে আলাদা করা যায় না—বাংলা গানে তার সৃষ্টি ও গিটার চিরকাল বেঁচে থাকবে।