আজ আইয়ুব বাচ্চুর জন্মদিন। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেওয়া এই শিল্পী মাত্র ৫৬ বছরের জীবনে বাংলা ব্যান্ড সংগীতে রেখে গেছেন অমর অবদান।
১৯৮৩ সালে মাত্র ৬০০ টাকা নিয়ে ঢাকায় আসেন আইয়ুব বাচ্চু। সোলসসহ বিভিন্ন ব্যান্ডে কাজ করার পর ১৯৯০ সালে গড়ে তোলেন ‘লিটল রিভার ব্যান্ড’, যা পরে ‘এলআরবি’ নামে পরিচিত হয়। প্রতিভা, পরিশ্রম আর গিটারের প্রতি গভীর ভালোবাসায় তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড তারকা।
রক সংগীতের পাশাপাশি আধুনিক, লোক ও চলচ্চিত্রের গানেও তিনি তৈরি করেছেন নিজস্ব স্বাক্ষর। গিটার ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা; অসংখ্য গিটার সংগ্রহ ও বাজানোর মধ্য দিয়ে এই বাদ্যযন্ত্রের সঙ্গে গড়ে তুলেছিলেন গভীর সম্পর্ক।
২০১৮ সালের ১৮ অক্টোবর আকস্মিক মৃত্যুতে থেমে যায় তার পথচলা। তবে তার গান, সুর ও গিটারের জাদু আজও বাঁচিয়ে রেখেছে কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে। জন্মদিনে তাই শ্রদ্ধায় স্মরণ করা হয় বাংলা ব্যান্ড সংগীতের এই অমর শিল্পীকে।