মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। গত ১৫ জুলাই তার মৃত্যু হলেও প্রায় এক মাস বিষয়টি গোপন ছিল। গত রোববার অভিনেত্রীর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেই পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে।
পরিবার জানায়, দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগছিলেন অনন্যা। মৃত্যুর দিনও নিজের অসুস্থতা ও মানসিক বিপর্যস্ততার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। পরে সেই পোস্ট শেয়ার করে তার অ্যাকাউন্ট থেকে শোকবার্তা প্রকাশ করে পরিবার।
২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যার। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’-সহ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। তার অকালমৃত্যুতে শোক নেমে এসেছে ভারতীয় বিনোদন অঙ্গনে।