১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ঢালিউডের অমর নায়ক সালমান শাহ। দেখতে দেখতে তার মৃত্যুর তিন দশক পূর্ণ হলো। স্বল্প ক্যারিয়ার হলেও অভিনয়, স্টাইল ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়ে।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া সালমান শাহর চলচ্চিত্রে আগমনটা ছিল অনেকটাই আকস্মিক। পরিবারের আপত্তি থাকলেও পরে অনুমতি নিয়ে রূপালি পর্দায় পা রাখেন তিনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে উপহার দেন একের পর এক ব্যবসাসফল সিনেমা। শুধু অভিনয় নয়, নব্বইয়ের দশকে আধুনিক ফ্যাশনেও তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে। ব্যান্ডানা, সানগ্লাস ও বাইকের সেই চেনা লুক আজও দর্শকের স্মৃতিতে অমলিন। তার অকালমৃত্যু ঢালিউডে তৈরি করে অপূরণীয় শূন্যতা। তিন দশক পেরিয়েও তার মৃত্যুকে ঘিরে থাকা রহস্যের পুরোপুরি অবসান হয়নি, তবে ভক্তদের ভালোবাসায় সালমান শাহ আজও বেঁচে আছেন কিংবদন্তি হয়ে।