ইতালির রোমে জেমসের কনসার্ট ঘিরে হোটেলের কক্ষ নোংরা করার অভিযোগ নিয়ে নতুন করে ব্যাখ্যা দিয়েছেন তার মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন। তার দাবি, যে কক্ষ নিয়ে অভিযোগ উঠেছে, সেখানে জেমস ছিলেনই না।
রবিন জানান, জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে, তিনি ছিলেন ২৪৬ নম্বরে। অভিযোগ ওঠা ৫৪৯ নম্বর কক্ষে ছিলেন দলের অন্য এক মিউজিশিয়ান। তাই ওই কক্ষের অপরিচ্ছন্নতার দায় জেমসের ওপর দেওয়া ঠিক নয় বলে দাবি করেন তিনি। হোটেল থেকে না জানিয়ে চলে যাওয়ার অভিযোগও অস্বীকার করেন রবিন।
এদিকে কনসার্টের অগ্রিম ও টিকিটের টাকা নিয়ে হিসাবের জটিলতা এবং অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। রবিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, চুক্তি ভঙ্গ হয়ে থাকলে আয়োজকরা আইনগত ব্যবস্থা নিতে পারেন। তার দাবি, আয়োজকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এসব অভিযোগ ছড়ানো হচ্ছে।