সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর এক বছর পরও তাকে ভুলতে পারেনি আসামের মানুষ। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ৫২ বছর বয়সে মারা যান তিনি। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আসামে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’ পালন করা হচ্ছে। কামারকুচির জুবিন ক্ষেত্রে ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া আয়োজনে ভক্ত, শিল্পী ও সাধারণ মানুষ অংশ নিচ্ছেন। সংগীত পরিবেশন, প্রার্থনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে প্রিয় শিল্পীকে। জুবিনের জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি ফুল ও গামছায় সাজানো হয়েছে তার স্মৃতিসৌধ। জুবিনের স্ত্রী গরিমা গর্গ জানান, তিনি মানুষের মধ্যেই জুবিনকে দেখতে পান। তার মতে, ধর্ম, পরিচয় বা সামাজিক অবস্থানের পার্থক্য ভুলে মানুষ যেভাবে একত্রিত হয়েছে, সেটিই ছিল জুবিনের স্বপ্নের আসামের প্রতিচ্ছবি।তাই জুবিনের মৃত্যুবার্ষিকীকে শুধু শোকের দিন হিসেবে দেখতে চান না তার ভক্তরা। বরং ‘জুবিন দিবস’কে ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর আয়োজন হিসেবেই উদযাপন করছেন তারা। ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পীরাও এতে অংশ নিয়ে জুবিনকে স্মরণ করেছেন। তবে এক বছর পরও তার মৃত্যুর প্রকৃত ঘটনা নিয়ে পরিবারের প্রশ্নের উত্তর মেলেনি বলে জানান গরিমা। সিঙ্গাপুরে ১৯ সেপ্টেম্বর কী ঘটেছিল, তা জানতে এবং ন্যায়বিচার পেতে অপেক্ষা করছে জুবিনের পরিবার।