কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। এ ঘটনায় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও শোক জানিয়ে পরিবারের দায়িত্ব ও অভিভাবকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। জয় মনে করেন, কোনো দুর্ঘটনা বা অপরাধের পর রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক হলেও সন্তানের দেখভাল ও সঠিক পথে পরিচালনার প্রাথমিক দায়িত্ব পরিবারের। তাঁর মতে, বর্তমান সময়ে একক পরিবার বাড়ায় অনেক ক্ষেত্রে সন্তানের ওপর পারিবারিক নজরদারি কমেছে।অপ্রতিমের প্রসঙ্গ তুলে জয় তাঁর স্ট্যাটাসে কিশোরদের বড়দের সঙ্গে মেলামেশা, প্রযুক্তির ব্যবহার, টিকটক ও অর্থ লেনদেনসহ বিভিন্ন বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে পরিবারের কোনো সমস্যা গোপন না রেখে শুরুতেই তা মোকাবিলার আহ্বান জানান। জয় পরিবারের মধ্যে একজন দায়িত্বশীল ও কঠোর অভিভাবকের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ‘ফ্যামিলি পুলিশ’-এর ধারণার কথাও বলেন। তাঁর ভাষায়, পরিবারের শৃঙ্খলা ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সক্রিয় হতে হবে। অপ্রতিমের মৃত্যুতে রাষ্ট্রের পাশাপাশি পরিবার ও সমাজের দায়িত্ব নিয়েও আলোচনা প্রয়োজন বলে মনে করেন জয়। তিনি কিশোরদের নিরাপত্তা ও সঠিকভাবে বেড়ে ওঠার বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।এদিকে ২০ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণের গন্ধমতি কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক, ক্ষোভ এবং বিচার দাবির পাশাপাশি কিশোরদের নিরাপত্তা ও অভিভাবকদের দায়িত্ব নিয়েও আলোচনা চলছে।