দীর্ঘ ১৫ মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে নিরাপদ সড়ক চাই আন্দোলনের মহাসমাবেশে আবেগঘন বক্তব্য দিয়েছেন অভিনেতা ও নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। শুক্রবার রাজধানীর জাতীয় নাট্যশালায় আয়োজিত ১১তম মহাসমাবেশে তিনি বলেন, নিরাপদ সড়কের আন্দোলন এখন আর কোনো ব্যক্তির নয়, এটি দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন।
শারীরিক অসুস্থতার কারণে আগের মতো সক্রিয়ভাবে কাজ করতে না পারার কথা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, তিনি আবার সুস্থ হয়ে আন্দোলনে ফিরতে চান। একই সঙ্গে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি না থাকলেও আন্দোলনের দাবিগুলো যেন হারিয়ে না যায়।’
১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি এ আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন।