ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান আবারও ‘দেবদাস’ চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’-এ অভিনয়ের সময় ব্যস্ততার কারণে চরিত্রটির জন্য যথেষ্ট সময় দিতে পারেননি বলে আক্ষেপ করেন তিনি।
সম্প্রতি চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে শাকিব বলেন, এখন সুযোগ পেলে আরও সময় নিয়ে প্রস্তুতি নিয়ে ‘দেবদাস’ করতে চান। তার মতে, তখন পর্যাপ্ত সময় দিতে পারলে চরিত্রটি আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন।
২০১৩ সালের সিনেমাটিতে শাকিবের বিপরীতে পার্বতী চরিত্রে ছিলেন অপু বিশ্বাস এবং চন্দ্রমুখী চরিত্রে মৌসুমী। তবে নতুন করে ‘দেবদাস’ হলে এই দুই চরিত্রে কাকে দেখা যাবে, সে বিষয়ে শাকিব বলেন, ‘সেসব উত্তর সময়ই বলে দেবে।’
পর্দায় বিরহী দেবদাস হলেও বাস্তব জীবনে হাসি-আনন্দে থাকতে ভালোবাসেন বলেও জানান এই অভিনেতা।