শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘মা দুর্গা এলেন ঘরে’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী সৈকত দাস। গানটিতে উঠে এসেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বহরপুর গ্রামের ১১২ বছরের পুরোনো মন্দিরে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দুর্গাপূজার ঐতিহ্য।
গানটির কথা লিখেছেন পঙ্কজ দেব অপু। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। এতে কণ্ঠ দিয়েছেন সৈকত দাস, সুমন কল্যাণ, মৌমিতা বড়ুয়া, অনন্যা আচার্য ও পলাশ লোহ। গত ৯ অক্টোবর গানটির একটি সংস্করণ প্রকাশিত হয়েছে। পূজার পরের সপ্তাহে প্রকাশ পাবে মিউজিক ভিডিও।
সৈকত দাস জানান, পারিবারিক ঐতিহ্য ও পূজার ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। এদিকে দীপাবলিতে প্রকাশ পাবে তাঁর গাওয়া নতুন মৌলিক শ্যামাসংগীত।